বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৮:৩৭

ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলার ঘটনায় ৫ জন গ্রেফতার 

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গ্রেফতারকৃতরা হচ্ছে- প্রধান অভিযুক্ত শরিফুল আলম ওরফে করিম, আমিনুল ইসলাম ওরফে কালু, সাজ্জাদ ওরফে বদি, সালাউদ্দিন ও আরিফুজ্জামান।

র‌্যাব আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডার পাওয়ার বিরোধে এ ঘটনা সংঘটিত হয়েছে।

এতে বলা হয়, মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেন সোমবার বিকেল ৪টার দিকে অফিস শেষে বাসায় ফিরছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনের গলিতে দুই থেকে তিন জন অস্ত্রধারী আহমদ হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তার হাত ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে জখম করে। 

এ ঘটনায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। 

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‌্যাব-১ এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান শরিফুল আলম ওরফে করিমসহ ৫ জনকে আজ গ্রেফতার করে র‌্যাব।