বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৭:৫৫

হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,১৫৯

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের ও হাম সন্দেহে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে ৩৮ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৮৫ জন।

১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৮০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৪ হাজার ১০৬ জন।

এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪৯৬ জন। 

এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫১২ জন।