শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : গাজীপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি’র প্রতিবেদন আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে হস্তান্তর করা হয়।
সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আকনুর রহমানের নেতৃত্বে গঠিত আট সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন হস্তান্তর করে।
উল্লেখ্য, কাশিমপুর নামাবাজার থেকে ধনঞ্জখালী প্রাইমারি স্কুল পযর্ন্ত নবনির্মিত রাস্তার রিটেইনিং ওয়ালসহ প্রায় ৫০ মিটার অংশ সম্প্রতি ধসে যায়। গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৫ নং জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মান শীর্ষক প্রকল্পের আওতায় এটি নির্মিত হয়।
তদন্তকালে কমিটি প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন ও কাজের গুণগত মান যাচাই করেছে। প্রতিবেদনে ঘটনার পেছনের কারণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান এবং এ ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়বদ্ধতা বিষয়ে বিস্তারিত মতামত প্রদান করা হয়েছে।
এছাড়া ধসে যাওয়া রাস্তাটি জনস্বার্থে দ্রুত সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করার বিষয়ে প্রয়োজনীয় সুপারিশমালাও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।