বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ০০:৪৬

চট্টগ্রামে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ (বাসস) : চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী তালতলা এলাকা থেকে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

আজ সোমবার সন্ধ্যায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী তালতলা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে-সেনেগ্রা ট্যাবলেট ৩০ হাজার ৭২০ পিস, ফ্রিস্টাইল লিব্রা ২ প্লাস(সিজিএম) ১০ পিস, মাইকোফেনেলেট সোডিয়াম ট্যাবলেট ১২০ পিস, মাই রোজ ট্যাবলেট ৭ হাজার ২০০ পিস, ফোলিসিম ট্যাবলেট ৫ হাজার ৭৯০ পিস এবং বিভিন্ন প্রকার অন্যান্য ওষুধ ৫ হাজার ৩৩৮ পিস। জব্দকৃত ওষুধের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৫৩ লাখ ২৭ হাজার ১১৪ টাকা।

জব্দকৃত ভারতীয় ওষুধগুলো যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সীতাকুণ্ড কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।