শিরোনাম

দিনাজপুর, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : চলমান জ্বালানি সংকট নিরসনে জেলার পার্বতীপুর পদ্মা অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। দিনাজপুর পদ্মা অয়েল ডিপোর সহকারী ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী আজ এ তথ্য নিশ্চিত করেন।
মো. আহসান হাবীব চৌধুরী বলেন, চলমান জ্বালানি সংকট নিরসনে দেশের উত্তরাঞ্চলসহ দিনাজপুর জেলার সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। জেলার পার্বতীপুর পদ্মা অয়েল ডিপো থেকে শনিবার (১৮ এপ্রিল) দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ৪০টি পাম্পে ডিলারদের কাছে জ্বালানি তেল (অকটেন, পেট্রোল ও ডিজেল) বরাদ্দের একটি তালিকা প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে গতকাল (১৯ এপ্রিল) সন্ধ্যার মধ্যে পাম্পগুলোতে বরাদ্দকৃত তেল সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, যেসব পাম্পে এখনও জ্বালানি তেল সরবরাহ করা হয়নি, দ্বিতীয় পর্যায়ে সেসব পাম্পে সরবরাহ করা হবে। বরাদ্দকৃত পাম্পের তালিকা শিগ্গিরই প্রকাশ করা হবে।
জানা যায়, উত্তরাঞ্চলের ১৬ টি জেলার ৪০টি পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। দিনাজপুর জেলার চারটি পাম্প জ্বালানি পেয়েছে। এরমধ্যে জেলার বিরামপুর উপজেলার মেসার্স বিরামপুর ফিলিং স্টেশনে ৩০০০ লিটার পেট্রোল এবং ৩০০০ লিটার ডিজেল, পার্বতীপুর উপজেলার মেসার্স মন্মথপুর ফিলিং স্টেশনে ৪৫০০ লিটার ডিজেল, সদর উপজেলার দরবারপুরে মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে ৪৫০০ লিটার ডিজেল এবং বিরল উপজেলার মেসার্স আলী ফিলিং স্টেশনে ৩০০০ লিটার পেট্রোল দেওয়া হয়।
সূত্রটি জানায়, তেল সরবরাহের জন্য প্রকাশিত তালিকা অনুযায়ী পাম্পগুলোতে বরাদ্দকৃত তেল পৌঁছালে গ্রাহকরা নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। জেলার বিরামপুর এবং বিরল উপজেলার চালকরা পেট্রোল সংগ্রহ করতে পারবেন। অন্যদিকে পার্বতীপুর ও সদর উপজেলার পাম্পে ডিজেল পাওয়া যাবে।
দীর্ঘদিন তেলের অপেক্ষায় থাকা যানবাহন মালিক ও চালকদের জন্য এটি একটি বড় সুযোগ। তবে সরবরাহ সীমিত হওয়ায় পাম্পগুলোতে ভিড় হতে পারে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করতে প্রশাসনের সহযোগিতা ও গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ।
নিজ এলাকার পাম্পে তেল পৌঁছেছে কি না, তা জানতে গ্রাহকদের তাদের স্থানীয় পাম্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।