বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ২০:১১

পিকেএসএফ ও সানেমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: পিকেএসএফ

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস): কর্মসংস্থান সৃষ্টির মূল লক্ষ্যকে সামনে রেখে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

পিকেএসএফ-এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সৃষ্টি হওয়া কর্মসংস্থানের গুণগতমান সম্পর্কে অধিকতর ধারণা লাভের জন্য আজ প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং সানেম সভাপতি ড. বজলুল হক খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান এ সময় উপস্থিত ছিলেন।  

জাকির আহমেদ খান আগামীতে সময়োপযোগী, উৎপাদনমুখী, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোগের দ্রুত বিকাশের ওপর গুরুত্ব আরোপ করেন। 

 পিকেএসএফের বিভিন্ন ভবিষ্যৎমুখী, উদ্ভাবনী কার্যক্রম উল্লেখ করে জাকির আহমেদ খান এসব কার্যক্রম উচ্চ গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের জন্য সংস্থার কর্মকর্তাদের পরামর্শ দেন। 

কর্মসংস্থান সৃষ্টির মূল লক্ষ্য অর্জনকে আরও বেগবান করার লক্ষ্যে সম্প্রতি পিকেএসএফ 'কৌশলগত পরিকল্পনা ২০২৫-২০৩০’ প্রণয়ন করেছে। 

১৯৯০ সাল থেকে পিকেএসএফ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র অর্থায়ন, আয় ক্ষয়কারী বিভিন্ন ঝুঁকি নিরসন এবং দক্ষতা উন্নয়নের কাজ করছে।

 এ লক্ষ্যে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগ খাতে প্রায় ৪০০টি ভ্যালু চেইন উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।