বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৯:০০

কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় অর্থদণ্ড

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : নৌপরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেইফটি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রোকসানা খাইরুন নেছার নেতৃত্বে আজ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

অভিযানকালে মোট ১২টি জাহাজ পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ১১টি নৌযানের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়। 

এই অভিযানে কোনও ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়নি।

অভিযানে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর ৩৩, ৫৪ক, ৫৬ ও ৬৬ ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক  ওয়াহিদুর রহমান ও মোহাম্মদ আমিন উদ্দিন।

এ সময় সহযোগিতায় ছিলেন— নৌপরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীগণ, নৌ-পুলিশের ২ জন সদস্য ও কোস্ট গার্ডের ১১ জন সদস্য।

অভিযানকালে কোনো ট্যাঙ্কার বা লাইটার জাহাজে তেল মজুতের প্রমাণ পাওয়া যায়নি। 

এ ছাড়া ঘাটসমূহে মালামাল আনলোডিং কার্যক্রম স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি।
নৌপথে শৃঙ্খলা, নিরাপত্তা ও আইনানুগ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।