শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : বৈশ্বিক ডিজিটাল বৈষম্য দূর করতে এবং তথ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা উন্নয়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক জাতিসংঘের একটি ফোরামে এ আহ্বান জানানো হয়।
আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানা যায়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৯তম অধিবেশনে (সিপিডি-৫৯) বক্তব্য রাখার সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।
নতুন প্রযুক্তির নৈতিক ব্যবহার নিশ্চিত করতে শক্তিশালী তথ্য সুরক্ষা ব্যবস্থার ওপর জোর দেন তিনি। পাশাপাশি তিনি বিশেষ করে নারী ও তরুণদের ডিজিটাল দক্ষতা বাড়াতে বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান জানান।
আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনের (আইসিপিডি) লক্ষ্যমাত্রা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রযুক্তি ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এখনো ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছে। এতে মৌলিক সেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা।
মাতৃমৃত্যু হার কমানো, টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা জোরদার করা, নারীর ক্ষমতায়ন এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের অগ্রগতির চিত্রও তুলে ধরেন তিনি।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বাংলাদেশে টেলিমেডিসিন ও রিয়েল-টাইম রোগ পর্যবেক্ষণসহ ডিজিটাল স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।
তরুণদের উন্নয়নে বিনিয়োগ, দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনের প্রতি জোর দেওয়ার পাশাপাশি টেকসই উন্নয়নের পথে দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তন ও অসংক্রামক রোগকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন তিনি।