শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান, সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই স্থগিতাদেশ দেন। আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আজকের এই আদেশের ফলে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান, সহপ্রধান পদে অর্ধ লক্ষাধিক পরীক্ষার্থীর নিয়োগ পরীক্ষা হতে বাধা রইলো না বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবীরা।
দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর রিটের প্রেক্ষিতে বুধবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ নিয়োগ পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট হুমায়ুন কবির বুলবুল। তবে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান, সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে এবার প্রার্থীদের দুটি ধাপ পার হতে হবে। প্রথমে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ঘণ্টা সময়ের এই পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রার্থীকে আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় ৮০, মৌখিক পরীক্ষায় ৮ এবং শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল অনুযায়ী এই ১২ নম্বর প্রদান করা হবে।