বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৮:০৫

পিরোজপুরের চড়খালিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন গণপূর্ত প্রতিমন্ত্রী 

ছবি : বাসস

পিরোজপুর, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর আজ জেলার ভান্ডারিয়া উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।

ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলার চড়খালি এলাকার  কাটাখাল ও ভারানীর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের নদী-নালা, খাল ও জলাশয় পুনরুদ্ধার ও পুনঃখনন বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদার প্রমুখ।

স্থানীয়রা জানিয়েছেন, খাল দু’টি ভরাট হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে।