বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৭:২৫

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৫ম তলা থেকে পড়ে এক রড মিস্ত্রি নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ নাজমুল হোসেন (২৮)। আজ বুধবার দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের ভাই মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী গ্রামে। বর্তমানে তিনি নির্মাণাধীন ভবনের ব্যারাকে থাকতেন। 
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।