বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৩:৩৬
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৪:৩২

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পালিত

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘বিঝু-বিষু-বিহু-বৈসুক-সাংগ্রাই-সাংগ্রাইং-থাংগ্রেন-সাংক্রান-চাংক্রান-পাতা’ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘বিঝু-বিষু-বিহু-বৈসুক-সাংগ্রাই-সাংগ্রাইং-থাংগ্রেন-সাংক্রান-চাংক্রান-পাতা’ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

এই উৎসব উপলক্ষ্যে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও পানিতে ফুল ভাসানোসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে আয়োজিত এ সব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

এ সময় অন্যান্যের মধ্যে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি শান্তিময় চাকমা উপস্থিত ছিলেন।

পাহাড়ি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে ক্যাম্পাসে এক আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।