বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১০:২৫

মামলার অস্তিত্ব নেই, তবুও প্রত্যাহারের দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : কোনো মামলা দায়েরই হয়নি, তবুও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ এ তথ্য জানায়।

বাংলাফ্যাক্ট জানায়, গত ৫ এপ্রিল ভোলায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী সাওদা সুমীকে গ্রেফতারের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে তার বিরুদ্ধে দায়ের করা কথিত ‘মামলা’ প্রত্যাহারে ৮ দফা দাবি জানানো হয়।

তবে অনুসন্ধানে ভিন্ন তথ্য পাওয়া গেছে। বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম বলছে, সাওদা সুমীর বিরুদ্ধে কোনো মামলা দায়েরের তথ্য মেলেনি।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

এছাড়া সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ হলো পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ বিষয়ে গবেষণা চালায়।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাফ্যাক্ট।