শিরোনাম

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের বিভিন্ন খাতে প্রকৃত জনবল চাহিদা নিরূপণে জাতীয় পর্যায়ে একটি সমন্বিত সার্ভে বা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
তিনি বলেন, কর্মবাজারের চাহিদার সাথে উচ্চশিক্ষার সমন্বয় ঘটাতে এই সমীক্ষা অত্যন্ত জরুরি।
আজ রাজধানীর আগারগাঁওস্থ কপিরাইট ভবনে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এই নির্দেশনা দেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চশিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হলো— শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলা। এজন্য দেশের বিভিন্ন সেক্টরে কী ধরনের দক্ষ জনবল প্রয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃতপক্ষে কী ধরনের জনবল তৈরি করছে, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য থাকা প্রয়োজন।’
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের অভাবে উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে একটি দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে, যা দূর করতে হিটের সংশোধিত প্রকল্প প্রস্তাবে এই সার্ভে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।’
প্রকল্পের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ড. মামুন আহমেদ বলেন, পূর্ববর্তী হেকেপ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব মূল্যবান গবেষণা যন্ত্রপাতি কেনা হয়েছে, তা যাচাই করে একই ধরনের যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ক্রয় থেকে বিরত থাকতে হবে। গবেষণার মানোন্নয়নে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি।
শিক্ষক প্রশিক্ষণ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, হিট প্রকল্পের ফ্ল্যাগশিপ উদ্যোগ হিসেবে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি দ্রুত প্রতিষ্ঠা করতে হবে। এজন্য বিভাগীয় শহরের নিকটবর্তী উপযুক্ত স্থান নির্বাচন করে তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘২০২৪ সালের জুলাই গণআন্দোলন পরবর্তী সময়ে ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি অধিক দৃশ্যমান হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে ক্যাম্পাসে একাডেমিক সম্পৃক্ততা বাড়াতে হবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা কার্যকরভাবে একাডেমিক কাজে যুক্ত রাখার উপায় খুঁজে বের করতে হবে।’
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।