বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬

জ্বালানি সংকট নিয়ে অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 

ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জ্বালানি সংকট নিয়ে এআই-সৃষ্ট ছবির পাশাপাশি যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, জ্বালানি সংকট নিয়ে অপতথ্যে সয়লাব সামাজিকমাধ্যম। এআই-সৃষ্ট ছবির পাশাপাশি বিভিন্ন স্যাটায়ার পেজের বানানো ব্যঙ্গাত্মক কনটেন্টকে আসল ভেবে ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের কনটেন্টে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, 'চলমান জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অপতথ্য প্রচার হতে লক্ষ্য করছে বাংলাফ্যাক্ট। এই ধরনের অপতথ্য প্রচারের নির্দিষ্ট কৌশল খেয়াল করা যায়। এআই-সৃষ্ট ছবির পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গাত্মক পেজের মজার ছলে তৈরি ফটোকার্ডকে আসল ভেবে প্রচার করার প্রবণতা লক্ষ্য করা যায়। এই ধরনের কনটেন্ট দ্রুত জনমনে বিভ্রান্তি তৈরি করে।'

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।