শিরোনাম

নেত্রকোণা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জেলার কলমাকান্দায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যুৎ বিভ্রাট জনিত ভোগান্তি দূর করতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আজ একটি শিক্ষা প্রতিষ্ঠানে আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতনের সমপরিমাণ এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার সকালে কলমাকান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ আকস্মিক পরিদর্শনে গেলে অভিভাবকদের দাবির মুখে তিনি তাৎক্ষণিকভাবে এই মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিকভাবে স্কুলটি পরিদর্শনে যান। এই সময় স্কুলের সহকারী পরিচালক এনামুল হক তালুকদার তাকে স্বাগত জানান। প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই শিফটে চার শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। কিন্তু সাম্প্রতিক প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছিল।
ডেপুটি স্পিকারের উপস্থিতির খবর পেয়ে স্কুলের গেটে জড়ো হন অভিভাবকরা। রুমা আক্তার, মরিয়ম, পিংকি সাহা ও রিমা আক্তারসহ বেশ কয়েকজন অভিভাবক বিদ্যুৎ সমস্যার কথা ডেপুটি স্পিকারের নিকট তুলে ধরেন এবং শিশুদের নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে একটি আইপিএস স্থাপনের অনুরোধ জানান।
অভিভাবকদের কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনে ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ বা অন্য কারও অপেক্ষায় না থেকে আমি নিজেই এই সমস্যার সমাধান করছি। আইপিএস কেনার জন্য আমি আমার এক মাসের বেতন এক লাখ টাকা দিয়ে দিলাম। আপনারা শিশুদের জন্য দ্রুত একটি ভালো মানের আইপিএস কিনে নেবেন।’
ডেপুটি স্পিকারের এই অভাবনীয় ও দ্রুত সিদ্ধান্তে উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।
স্কুল পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে এই সময় ডেপুটি স্পিকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।