শিরোনাম

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে বিএনপি ও নতুন সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, দেশকে অরাজকতা চলছে- এমনটা দেখাতে আওয়ামী লীগপন্থী কিছু পেইজ বিএনপি ও নতুন সরকারকে লক্ষ্য করে অপপ্রচার চালাচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবি’র ফ্যাক্টচেক উইং বাংলাফ্যাক্ট জানিয়েছে, কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী এবং প্রোপাগান্ডা পরিচালনাকারী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ আবারও সক্রিয় হয়ে ভুয়া তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব উৎস থেকে ছড়ানো গুজব তারা শনাক্ত করেছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, রাজনৈতিক বিষয়ক গুজবের বড় অংশই সরকারকে ঘিরে। এছাড়া ধর্মীয় ও সাম্প্রদায়িক ইস্যু, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং নারী নির্যাতনের মতো সংবেদনশীল ঘটনায় পুরোনো ভিডিও ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ভিন্ন দেশের ঘটনার সঙ্গে বাংলাদেশের নাম জুড়ে দেওয়া হচ্ছে।
আবার বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড নকল বা বিকৃত করে রাজনৈতিক ব্যক্তিদের নামে ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি এবং বিএনপির নেতৃত্বে নতুন সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে বলেও জানায় বাংলাফ্যাক্ট।
‘বাংলাফ্যাক্ট’ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম-সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করে।
সংস্থাটি জানায়, তারা ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে।
বাংলাফ্যাক্ট দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।