শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : সামাজিক যোগাযোগমাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে উদ্ধৃত করে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ড সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কয়েকটি ভুয়া ফটোকার্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফটোকার্ডে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে পুরোপুরি অসত্য তথ্য তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে, এই বক্তব্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কখনোই কোথাও এরকম বক্তব্য প্রদান করেননি।
জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সরকারের অবস্থান পরিষ্কার করে মন্ত্রণালয় বলেছে, প্রতিমন্ত্রী সব সময় জোর দিয়ে বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই আমরা সকল দেশ ও সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখব। বাংলাদেশ সব জাতির সঙ্গে মর্যাদা, আত্মবিশ্বাস ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পৃক্ত হবে।’
মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানিয়েছে এবং সবাইকে বিভ্রান্তি বা ভুল ধারণা সৃষ্টি করতে পারে এমন যাচাই-বাছাইহীন বিষয়বস্তু শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে।