শিরোনাম

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন শুরুর ভুয়া প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিত করণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি চালুর উদ্যোগ নেয় সরকার। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেছেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হলো।
এরই প্রেক্ষিতে, ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন শুরু হয়েছে দাবি করে কিছু ওয়েবসাইটে প্রচারণা চালাতে দেখা গেছে। আবার একাধিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ওয়েবসাইটগুলোর ভিডিও প্রকাশ করে প্রচারণা চালানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এখন পর্যন্ত ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন সংক্রান্ত কোনো ঘোষণা দেয়া হয়নি এবং আবেদন প্রক্রিয়ার এই ওয়েবসাইটটিও ভুয়া। মূলত, একাধিক ভুয়া ওয়েবসাইট তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা ও গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার চালানোর হচ্ছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।