বাসস
  ১০ মার্চ ২০২৬, ১০:১৫
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১১:০০

ভারতের ভিডিওকে চাঁদার দাবিতে যুবদলের হামলা বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : ভারতের একটি ভিডিওকে বাংলাদেশের মৌলভীবাজারে চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলা বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ভারতের ঘটনার ভিডিও বাংলাদেশে দোকানদারের ওপর চাঁদার দাবিতে হামলা বলে প্রচার করা হচ্ছে।

চাঁদা না দেওয়ায় মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন রহমানিয়া পেইন্ট হাউজের মালিকের ওপর যুবদল নেতা প্রকাশ্যে হামলা চালিয়েছে-এমন দাবি করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওর দাবিটি পুরোপুরি ভুয়া। ভারতের রাজস্থানের সিরোহি শহরে গত ১৮ ফেব্রুয়ারি আর্থিক বিরোধের জেরে বেসরকারি ক্লিনিকের এক চিকিৎসক এক দোকানদারকে লাঠি দিয়ে আঘাত করেন। এটি সেই ঘটনার দৃশ্য।

গত বছর সেপ্টেম্বরে ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেসময় বাংলাফ্যাক্ট ভিডিওটি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। 

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।