শিরোনাম

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক আদেশে আজ এই নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৯ ফেব্রুয়ারির এক স্মারকপত্রের প্রেক্ষিতে মাউশি এই সিদ্ধান্ত নেয়। বেসরকারি সংস্থা ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’ কর্তৃক প্রস্তুতকৃত বৈজ্ঞানিক লাইফস্টাইল ম্যানুয়ালের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হবে বলে আদেশে জানিয়েছে মাউশি।
নির্দেশনা অনুযায়ী, মাউশি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী, মাউশির আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রতিষ্ঠান প্রধানগণ কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবন্ধিত প্রশিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে স্ব স্ব ভেন্যুতে এই প্রশিক্ষণের সময়সূচি নির্ধারণ করবেন।
নির্দেশনায় বলা হয়েছে, প্রশিক্ষণ পরবর্তী দৈনিক অনুশীলন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করতে হবে। এই মনিটরিং পুল প্রশিক্ষণ ম্যানুয়ালের নির্ধারিত নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। এক্ষেত্রে বাংলাদেশ স্কাউটস (স্কুল পর্যায়ে) এবং রোভার স্কাউটস (কলেজ পর্যায়ে) সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা প্রদান করবে।
এতে আরও বলা হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদেরও এই প্রশিক্ষণের আওতায় আনতে পারবে। প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে এই প্রশিক্ষণের আয়োজন করতে হবে।
নির্দেশনায় অনুযায়ী, সংশ্লিষ্ট অঞ্চল, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ এই কার্যক্রম বাস্তবায়নে প্রত্যক্ষ সহযোগিতা ও সমন্বয় করবেন। প্রয়োজনে কারিগরি ও প্রশিক্ষণ সংক্রান্ত সহায়তার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।