বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১১:৪৮
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১১:৫১

মির্জা ফখরুলের ভুয়া উদ্ধৃতি দিয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : সম্প্রতি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভুয়া উদ্ধৃতি দিয়ে ফেসবুকে প্রচার করা একটি ফটোকার্ড শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘দ্রুতই আওয়ামিলীগের সকল কার্যক্রম সচল করা হবে’ (বানান অপরিবর্তিত)- এমন কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকৃতপক্ষে, ‘আশার আলো’ নামের একটি ব্যঙ্গাত্মক পেজের কনটেন্টকে আসল ভেবে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, আলোচিত পোস্ট পর্যবেক্ষণ করে ওই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম বা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রেও মির্জা ফখরুল ইসলামের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আলোচিত ফটোকার্ডটির লোগো ধরে অনুসন্ধান চালিয়ে ‘আশার আলো’ নামের একটি পেইজে গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেইজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যঙ্গাত্মক পেইজ। এর পরিচয় হিসেবে লেখা আছে, ÔThis page publishes viral and trending topics in an entertainment news format.Õ

‘আশার আলো’ মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যঙ্গাত্মক পেইজ। এটি কোনো সংবাদমাধ্যম কিংবা খবরের পেইজ বা পোর্টাল নয়।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টাও শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ হলো পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।