বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৮:৫২

তারেক রহমান ও খামেনিকে নিয়ে আবিদুলের নামে ভুয়া মন্তব্য প্রচার: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান ও আয়াতুল্লাহ আলী খামেনিকে জড়িয়ে আবিদুল ইসলাম খান মন্তব্য করেননি এমন বিষয় ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। এরই মধ্যে, ‘খামেনির চেয়েও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অধিক সাহসী নেতা’-এমন মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান করেছেন দাবি করে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, তারেক রহমান ও আয়াতুল্লাহ খামেনিকে জড়িয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত করা হয়েছে।
বাংলাফ্যাক্টের পক্ষ থেকে আবিদুল ইসলাম খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এটি মিথ্যা। আমি এমন কোনো মন্তব্য করিনি।'

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আয়াতুল্লাহ আলী খামেনিকে জড়িয়ে আবিদুল ইসলাম খান এমন কোনো মন্তব্য করেননি।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।