শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ জনসমক্ষে আনা হয়েছে- এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভিন্ন ঘটনার পুরোনো ফুটেজ হিসেবে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ জনসমক্ষে রাখা হয়েছে- এমন দাবিতে সামাজিক মাধ্যমে ছোট একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাচাই করে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়; এটি একটি ভিন্ন ঘটনার পুরোনো ফুটেজ।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। এটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে।
ফ্যাক্টওয়াচ নিয়মিত এসব বিষয় যাচাই করে সঠিক তথ্য প্রকাশ করছে এবং গুজব প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে।