বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১০:২৯

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে ভুয়া ফটোকার্ড শনাক্ত: ফ্যাক্টওয়াচ

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : দৈনিক প্রথম আলোর নাম ব্যবহার করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসংবলিত ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং সংস্থা ‘ফ্যাক্টওয়াচ’।

সংস্থাটি জানায়, সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ১৪ হাজার কোটি টাকা, সংস্কৃতি উপদেষ্টা ১১ হাজার কোটি টাকা এবং প্রেস সচিব শফিকুল আলম ২ হাজার কোটি টাকা পাচার করেছেন- এমন কয়েকটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব দাবির সঙ্গে প্রথম আলোর আদলে তৈরি করা ফটোকার্ড ব্যবহার করা হয়।

তবে প্রথম আলোর ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট ঘেঁটে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্যাক্টওয়াচ। তাদের ভাষ্য, প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। এটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। 

ফ্যাক্টওয়াচ নিয়মিত এসব বিষয় যাচাই করে সঠিক তথ্য প্রকাশ করছে এবং গুজব প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে।