শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : এআই প্রযুক্তির সহায়তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে- প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করছেন এবং তাঁর ঠিক পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের একটি ছবি টাঙানো রয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ছবিটি আসল নয়। গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তিনি। মূলত সেই ভিডিওর একটি স্থিরচিত্র সংগ্রহ করে এআই প্রযুক্তির সহায়তায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি যুক্ত করে এই বিভ্রান্তিকর ছবিটি প্রচার করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।