শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বিডিক্রিকটাইমের ফটোকার্ড বিকৃত করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নামে ভুয়া মন্তব্য প্রচার ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি, ‘চাঁদাবাজী বন্ধ করা সংবিধানে নাই’- এমন মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী করেছেন দাবি করে গণমাধ্যম প্রতিষ্ঠান বিডিক্রিকটাইমের লোগো সংবলিত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন কোনো মন্তব্য করেননি এবং বিডিক্রিকটাইমও আলোচিত তথ্যে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। আসলে বিডিক্রিকটাইমের ভিন্ন একটি ফটোকার্ডের শিরোনাম বিকৃত করে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।