বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮

চাঁদার জন্য ট্রাকচালককে মারধরের দাবিটি ভুয়া: রিউমার স্ক্যানার

ছবি: রিউমার স্ক্যানার

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চাঁদার জন্য ট্রাকচালককে মারধরের দাবিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য ভুয়া বলে শনাক্ত করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার-এর অনুসন্ধান টিম জানায়, একটি চলন্ত ট্রাক পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ওই অটোরিকশা চালকের সঙ্গে ট্রাকচালকের ঝগড়া হয়। সেই ঘটনার একটি ভিডিওকে ট্রাকচালকের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে বলে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য তারা শনাক্ত করেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভারতীয় কিছু গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কয়েকটি ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টাও শনাক্ত হচ্ছে।

বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে রিউমার স্ক্যানার কাজ করছে বলেও জানানো হয়।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানায়, ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল হিসেবে সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।