শিরোনাম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে অপপ্রচার সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনায় বাংলাভিশন বিভ্রান্তিকর ক্যাপশনে ফটোকার্ড প্রকাশ করায় পাঠক মনে করছেন, সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, এই ঘটনায় গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলাভিশন গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ২ মিনিটে ‘সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের’- এমন ক্যাপশনে একটি ফটোকার্ড প্রকাশ করায় পাঠকগণ বিভ্রান্ত হয়ে মনে করছে, সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি সনাক্ত করা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য সনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।