শিরোনাম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা বাংলাদেশের দাবী করে ছড়ানো একাধিক অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, ছোট একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিন্ন ভিন্ন দাবিতে শেয়ার করা হচ্ছে।
একটি দাবী হচ্ছে, জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত গোলাম আযমকে ভাষা সৈনিক বলায় ছাত্রদল নেতার হামলার শিকার হয়েছেন জামায়াত নেতারা।
আরেকটি দাবী হচ্ছে, চাঁদাবাজির বিরুদ্ধে ওয়াজ করায় ইমাম-মুয়াজ্জিনকে মারধর করা হয়েছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।