বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৬

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ছবি : বাসস

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। 

শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনের কর্মসূচি উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে ভাষা আন্দোলনের শহীদসহ সকল ভাষাসৈনিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ভাষা আন্দোলন ছিল মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলন। ভাষা আন্দোলনের মহিমা আজ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে এবং প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

তিনি প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের মধ্যে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের সঙ্গে বাংলা ভাষা শিক্ষা ও চর্চায় সন্তানদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

দিবসটি উপলক্ষে বাহরাইনস্থ বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।

অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের পাশাপাশি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।