শিরোনাম

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন আজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী সকালে চ্যান্সারি প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কার্মসূচি শুরু হয়।
অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় বাজানো হয় অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’
ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় উপ-হাইকমিশনার ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক পথ নির্দেশক অধ্যায়, যা জনগণের পরিচয়, সংস্কৃতি, স্বকীয়তা ও মর্যাদা রক্ষার দৃঢ় সংকল্প, এমনকি সর্বোচ্চ আত্মত্যাগের প্রতিফলন।
বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের স্মরণ করেন। তারা উল্লেখ করেন, ১৯৯৯ সালে ইউনেস্কো বাংলাদেশের ভাষা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা বিশ্বব্যাপী ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বকে স্বীকৃতি দেয়।
অনুষ্ঠান শেষে উপ-হাইকমিশন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এতে বাংলাসহ অন্যান্য ভাষায় দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।