বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৮

টোকিও বাংলাদেশ মিশনে মহান শহীদ দিবস পালন

ছবি : বাসস

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস)  : জাপানের রাজধানী টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। 

এখানে প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, ভোরে টোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী দূতাবাসের কর্মকর্তা ও টোশিমা সিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরাও প্রভাতফেরির মাধ্যমে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে রাষ্ট্রদূত দিবসের আনুষ্ঠানিকতা পালন করেন।

দূতাবাস মিলনায়তনে আয়োজিত বিকেলের কর্মসূচি ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে শুরু হয়। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা সভায় অমর একুশের ঐতিহাসিক তাৎপর্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেছে এবং আজ তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। এটি সব জাতিকে নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে অনুপ্রাণিত করে।

দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। পরে সুশীল সমাজের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।