বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে নিয়ে ইকোনমিক টাইমসের খবরটি ভিত্তিহীন: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’-এর ছড়িয়ে পড়া তথ্যকে অপপ্রচার হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, হিযবুত তাহরীর নেতা নাসিম গনি এবং বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সম্পূর্ণ ভিন্ন দুইজন ব্যক্তি। হিযবুত তাহরীরের নেতা নাসিমুল গনি ব্রিটিশ নাগরিক, যার প্রকৃত নাম নাসিম গনি। অন্যদিকে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বাংলাদেশের একজন শীর্ষ আমলা এবং তিনি এ দেশেরই নাগরিক।

ইকোনমিক টাইমসের ওই সংবাদে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে হিযবুত তাহরীরের সহ-প্রতিষ্ঠাতা এবং সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে সংগঠনটির সদস্য বলে দাবি করা হয়েছিল। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই দুই ব্যক্তির সঙ্গে হিযবুত তাহরীরের সংশ্লিষ্টতার দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে সাবেক অন্তর্বর্তী সরকার ও চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। অপতৎপরতা রুখতে এসব মিথ্যা তথ্য নিয়মিত শনাক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ‘বাংলাফ্যাক্ট’ হলো পিআইবি’র একটি বিশেষ টিম, যারা ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে। বাংলাদেশে গুজব ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে নিয়মিত কাজ করছে প্রতিষ্ঠানটি।