বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৬

প্রতিদ্বন্দ্বীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় জালালের 

ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): নির্বাচনের উত্তাপ শেষে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রতিদ্বন্দ্বীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বেসরকারিভাবে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিনি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে নিজ বাসভবনে থাকা তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম মোড়লের বাড়িতে যান। সেখানে দুই প্রার্থী পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। কিন্তু জনগণের রায়ই চূড়ান্ত। আমরা সবাই মিলে কটিয়াদী-পাকুন্দিয়া উন্নয়নে কাজ করবো। রাজনৈতিক মতভেদ থাকলেও পারস্পরিক সম্মান ও সহযোগিতার পরিবেশ বজায় রাখা জরুরি।"

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য একটাই—এলাকার মানুষের কল্যাণ। সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে উন্নয়ন এগিয়ে নিতে চাই। এলাকায় কোন সহিংসতা চাই না। নির্বাচন শেষ, এখন আমরা মিলেমিশে একসাথে কাজ করব।”

১৭১টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে চূড়ান্ত ফলে অ্যাডভোকেট জালাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট।

ফলাফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচন-পরবর্তী সময়েও এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ গণতন্ত্রকে আরও শক্তিশালী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।