শিরোনাম

চাঁদপুর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চাঁদপুর-৪ আসনের নানা বিষয় নিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, ‘আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না’। তিনি বলেন, দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি তার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে।
শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় সংবাদ সম্মেলনের শুরুতে ফরিদগঞ্জ আসন থেকে নবনর্বাচিত এমপি এম এ হান্নান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করায় দলমত নির্বিশেষে ফরিদগঞ্জবাসী, স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও তার নির্বাচনি এলাকার নেতাকর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, নির্বাচনের পরপরই ভোটারদের সঙ্গে সাক্ষাত করে কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতা ও হৃদযন্ত্রে রিং বসানোর কারণে তিনি তাৎক্ষণিক গণসংযোগ করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে এম এ হান্নান দাবি করেন, ছাত্রজীবন থেকে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপি’র রাজনীতি করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন।
তিনি অভিযোগ করেন, একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল এবং এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতা-কর্মীদের সমর্থনে তিনি জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বলে দাবি করেন।
তিনি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি; নির্বাচন করেছি একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে।’ একইসঙ্গে তিনি অভিযোগ করেন, পরাজিত পক্ষ নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধ করার জন্য তিনি প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, আমার জন্মের পর এই প্রথম দেখা মতে ফরিদগঞ্জে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগকে তিনি ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন।
নবনির্বাচিত এমপি তার নেতা-কর্মীদের উদ্দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, ‘কেউ যেন অতি উৎসাহে এমন কোনো কাজ না করেন, যাতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। আইনভঙ্গ করলে কাউকে ছাড় দেয়া হবে না। এ ক্ষেত্রে আমি জিরো টলারেন্স।’
তিনি আরও জানান, সংসদের প্রাথমিক কার্যক্রম শেষে পবিত্র রমজান মাসে ফরিদগঞ্জের প্রতিটি এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি সকলের দোয়া কামনা করেন, যাতে জনগণের প্রত্যাশা পূরণে সফল হতে পারেন।
সংবাদ সম্মেলনের শেষে আবারও সকল ভোটার, প্রশাসন, সাংবাদিক, নেতা-কর্মী ও পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটোয়ারী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক আমানত গাজী, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটোয়ারী, এম এ হান্নানের পুত্র আব্দুল্লাহ্ ইবনে হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউসুফ শাওন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান নবনির্বাচিত এমপি আলহাজ্ব এম এ হান্নানকে ফুলের মালা পরিয়ে দেন।