শিরোনাম

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যুক্ত বিবৃতিতে এই অভিনন্দন জানান।
একই সঙ্গে বিবৃতিতে নেতৃবৃন্দ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশের সর্বস্তরের জনগণ, সকল রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
তারা বলেন, অমসৃণ দীর্ঘ পথ পেরিয়ে গণতন্ত্রে উত্তরণের নতুন যাত্রায় সবার ঐকান্তিক চেষ্টায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিশেষ করে সনাতন হিন্দুদের কাছে নির্বাচন ও নির্যাতন সমার্থক হয়ে উঠেছিল। কিন্তু এবারের নির্বাচনে সংখ্যালঘুরা নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন, যা এক নতুন ইতিহাসের অধ্যায় হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ গণতন্ত্রের সুষ্ঠু বিকাশে এই মনোবলকে সম্মান জানাতে নতুন সরকার, বিরোধী দল ও সকল রাজনৈতিক শক্তি কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।