বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২০

জাতীয় সংসদ নির্বাচন: রংপুরে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, ২০২৬ উপলক্ষে রংপুর বিভাগের আটটি জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর বিশেষ মহড়া চলমান। ছবি: বাসস

/মো. মামুন ইসলাম/

রংপুর, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, ২০২৬ উপলক্ষে রংপুর বিভাগের আটটি জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর বিশেষ মহড়া চলমান রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রংপুর বিভাগের সকল জেলার বিভিন্ন স্থানে র‌্যাব-১৩ সহ যৌথ বাহিনীর টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পঞ্চগড়ের বোদা মডেল পাইলট স্কুল থেকে সোমবার সকাল ১১টায় একটি যৌথ মহড়া শুরু হয়ে সাকোয়ার পাঁচপীরের মধ্য দিয়ে দুপুর ২ টা ৪০ মিনিটে বোদা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।

বোদা উপজেলা প্রশাসন, র‌্যাব-১৩ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা এই মহড়ায় অংশগ্রহণ করেন।

একই দিনে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী এবং র‌্যাব-১৩ এর সদস্যরা এই মহড়ায় অংশগ্রহণ করেন।

সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নীলফামারী জেলার ডিমলা উপজেলা এবং নাওতারা ইউনিয়ন এলাকায় র‌্যাব-১৩ সহ যৌথ বাহিনী মহড়া পরিচালনা করে।

মহড়াটি ডিমলা থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন এলাকা জুড়ে বিস্তৃত ছিল।

র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২, বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা এই মহড়ায় অংশগ্রহণ করেন।

এই সময়ে সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের কাছে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।

একই তারিখে রংপুর জেলার মিঠাপুকুর এলাকায় সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে  ১২ টা পর্যন্ত যৌথ বাহিনীর একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

মিঠাপুকুর উপজেলা প্রশাসন, র‌্যাব-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং বিজিবির কর্মকর্তা ও সদস্যরা এই মহড়ায় অংশগ্রহণ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য র‌্যাব-১৩ সহ যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চেকপোস্ট, মোবাইল টহল এবং বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ দুপুর ২ টা ৪০ মিনিটে বাসসের সঙ্গে আলাপকালে অতিরিক্ত পুলিশ সুপার এবং র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান যে যৌথ বাহিনীর একই ধরনের বিশেষ মহড়া আজ অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী ক'দিন এরূপ মহড়া অব্যাহত থাকবে।