বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯

ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া আখতার জাহান

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মোহাম্মদ এজাজের চুক্তির এক বছরের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ এজাজের নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলে নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহান দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী মোহাম্মদ এজাজকে পরবর্তী এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

নির্ধারিত সময় অনুযায়ী, এক বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় তার ওই নিয়োগের অবসান ঘটে এবং এর পরিপ্রেক্ষিতেই নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে দায়িত্ব দেওয়া হলো।