বাসস
  ১৪ জুন ২০২৬, ০১:২০

পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী 

ছবি : বাসস

টাঙ্গাইল, ১৩ জুন, ২০২৬ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের ঐতিহ্য, সবুজ-শ্যামল প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলায় প্রায় ৪০ লাখ গাছ রোপণ করা হবে।

আজ শনিবার টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফলজ, ঔষধি ও বনজসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা আরও সুদৃঢ় হবে।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।