বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯

ঢাকার ১৩টি আসনে বুধবার রাত ১২টা থেকে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

ছবি: বাসস

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনে বুধবার রাত ১২টা থেকে বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-৪ (১৭৭) হতে ঢাকা-১২ (১৮৫), ঢাকা-১৪ (১৮৭) এবং ঢাকা-১৬  (১৮৯) হতে ঢাকা-১৮ (১৯১) পর্যন্ত মোট ১৩টি নির্বাচনী এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

যানবাহন চলাচলের সময়সূচি বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ যানবাহন হিসেবে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

অন্যদিকে আগামীকাল মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (মোট ৭২ ঘণ্টা) মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতামুক্ত বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত (ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা, সংবাদপত্র ইত্যাদি) যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া বিটিআরসি’র লাইসেন্সপ্রাপ্ত টেলিকম সেবার যানবাহন এবং জাতীয় মহাসড়ক (হাইওয়ে) ও আন্তঃজেলা সংযোগ সড়কগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, বিদেশে গমনেচ্ছুক বা বিদেশ ফেরত যাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট ও টিকিট প্রদর্শন সাপেক্ষে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে ক্ষুদ্রাকৃতির যানবাহন (কার/জীপ/মাইক্রোবাস) ব্যবহারের সুযোগ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে যানবাহন বা মোটর সাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। স্থানীয় বাস্তবতার নিরিখে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই নিষেধাজ্ঞা শিথিল বা আরও কড়াকড়ি করার ক্ষমতা সংরক্ষণ করবেন।