বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯

কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে জামায়াতের বৈঠক

ছবি: বাসস

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচন পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ড. যুবায়ের আহমেদ, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস নূরুন্নিসা সিদ্দিকা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ।

বৈঠকের শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মাওলানা আবদুল হালিম কমনওয়েলথ প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

বৈঠকে জামায়াত প্রতিনিধি দল নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। তবে তারা উদ্বেগ প্রকাশ করে জানান, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে একটি বড় রাজনৈতিক দলের বাধার সম্মুখীন হচ্ছেন।

জামায়াত প্রতিনিধি দল কমনওয়েলথ অবজারভার গ্রুপের কাছে নির্বাচনে একটি সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ, পেশিশক্তি ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধি দল বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে এসব তথ্য গুরুত্বসহকারে বিবেচনায় নেয়া হবে বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। এ দলটি নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া, আইনের শাসন ও নিরপেক্ষতা বিষয়ে মতবিনিময় করছে।