বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৬

জুলাই অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে আর পথ হারাতে দেবো না: গোলাম পরওয়ার

খুলনা জেলার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: বাসস

খুলনা, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে আর পথ হারাতে দেবো না।

খুলনা জেলার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি আজ বিকালে একথা বলেন। জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিসের ডুমুরিয়া উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের  শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, ডাকসুর নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, খুলনা জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান ও জেলা নির্বাহী সদস্য মাওলানা শরিফুল ইসলাম।

গোলাম পরওয়ার বলেন, নতুন বাংলাদেশ ১১ দলের নেতৃত্বে আমরা অঙ্গীকার করেছি- জুলাই অভ্যুত্থানের এক সাগর রক্ত আর কষ্টের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে আর পথ হারাতে দেবো না।

এর আগে সকালে ফুলতলা উপজেলার বাদামতলা চক্ষু হাসপাতালে মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মুন্সি মঈনুল ইসলামের সভাপতিত্ব জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাউসুল আযম হাদী, খানজাহান আলী থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মুর্শেদ মামুন প্রমুখ নেতৃবৃন্দ।

পরে বাংলাদেশ ক্যাবল ফ্যাক্টরিতে মিয়া গোলাম পরওয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার আবু বকর মোল্লা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাউসুল আযম হাদী, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো ও  সেক্রেটারি গাজী মুর্শেদ মামুন।