বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৮:৪৯

পাহাড়ের দরিদ্রদের ঈদ আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের

আজ মঙ্গলবার রাঙ্গামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যাতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ মঙ্গলবার রাঙ্গামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে মন্ত্রী এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব মানুষের কল্যাণে কাজ শুরু করেছেন। তাঁর নির্দেশনায় সারাদেশব্যাপী প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলছে।

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায় দীর্ঘকাল ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করছে। এই সম্প্রীতিকে অটুট রেখে আগামীতে সব সম্প্রদায়ের সামাজিক উৎসবগুলো যেন আরও সার্বজনীনভাবে উদযাপন করা যায় সেই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

অনুষ্ঠানে রাঙ্গামাটির বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিনের পরিবারের পক্ষ থেকে স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মানস মুকুল চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা হারুন ও হাফেজ মো. আফসার উদ্দিন।