শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস): নারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা রোধে অপরাধীদের দ্রুত, কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহিলা বিভাগ।
মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির মহিলা বিভাগের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা সমাজে দীর্ঘদিন ধরে অন্তস্রোতের মতো বিরাজমান থাকলেও এখন তা নৃশংসতার মাত্রা ছাড়িয়ে গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ প্রবণতা বন্ধ করতে হলে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের শিশু জান্নাতুল নিশা ইরার হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে বলেন, এ ঘটনায় জাতিকে বর্বরতা ও নির্মমতার এক ভয়াবহ চিত্র দেখতে হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
নুরুস সাবিহা আরও বলেন, আইনি দুর্বলতা অপরাধীদের সাহস জোগায়। বিচার প্রক্রিয়া ধীর ও দুর্বল হওয়ায় অনেক ক্ষেত্রে অপরাধীরা শাস্তি এড়িয়ে যায়। কোনো ঘটনার পর সাময়িকভাবে জনমনে আলোড়ন সৃষ্টি হলেও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে কাঙ্ক্ষিত ফল আসে না। আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা মুক্তি পেয়ে যায়।
আইন ও বিচার ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন না হলে এ ধরনের নৃশংস ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।