বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৭

জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারপার্সন ও কমিশনারের দায়িত্ব গ্রহণ

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারপার্সন ও কমিশনারগণ আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ নূর খান, সাবেক সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক সদস্য, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন (বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক); নাবিলা ইদ্রিস, সাবেক সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন; এবং ইলিরা দেওয়ান, মানবাধিকারকর্মী এবং সাবেক সদস্য, স্থানীয় সরকার সংস্কার কমিশন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারপার্সন ও কমিশনারগণ কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারপার্সন ও কমিশনারগণ কমিশনের বিদ্যমান কার্যক্রম, প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত হন।