শিরোনাম

।। আসাদুজ্জামান।।
সাতক্ষীরা, ৮ ফেব্রুয়ারি,২০২৬ (বাসস) : আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্তসহ সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ৩৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। তিনজেলায় জেলায় মোট ৩৫ জন ম্যাজিস্ট্রেট বিজিবি’র দায়িত্ব পালনকালে ম্যাজিস্ট্রেসী সহায়তা প্রদান করছেন।
বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান আজ জানান, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ৩৫ টি প্লাটুনে প্রায় সাতশত সদস্য সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ, ভোটারদের আস্থা অর্জনে উপযোগী পরিবেশ তৈরী এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী করে তেলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি জানান, মোতায়েন পরবর্তী গত ২৯ জানুয়ারি ২০২৬ হতে দায়িত্বপূর্ণ এলাকায় ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন, ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রায় ৬০টি সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় প্রায় অর্ধ-শতাধিক জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা পরিচঅলনা করা হয়। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরো জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নিজস্ব ব্যবহৃত অস্ত্র ছাড়াও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির নিমিত্তে ও সম্ভাব্য হুমকি প্রতিরোধে ড্রোন, কে-৯ ডগ স্কোয়ার্ড, বডি ওর্ণ ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়োট কন্ট্রোল গিয়ার সেট এবং নন-লিথ্যাল অস্ত্রসহ দায়িত্ব পালন করছেন।
লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোন দুস্কৃতিকারী যাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য নিচ্ছিদ্র টহল ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনমনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।