বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪

শহীদ আশরাফুলের পরিবারের পাশে তারেক রহমান

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা শহীদ আশরাফুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ রোববার দুপুরে রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল।

এদিকে, জুলাই যোদ্ধা শহীদ আশরাফুলের পরিবারের সাথে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং দাফন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তাসহ ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন কৃষিবিদ মিথুন।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার মিরপুর ১০-এ মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। দীর্ঘদিন থাইল্যান্ডে চিকিৎসার পর গত ৪ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সের আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।