বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২

স্ত্রীসহ এনএসআই-এর অতিরিক্ত পরিচালক আজিজুরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তার স্ত্রী আমাতুছছামীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং এবং নিজ ও তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। 

অনুসন্ধানকালে জানা যায় যে আজিজুর রহমান সস্ত্রীক যে কোন সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নিবেন। অনুসন্ধানকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ দুরূহ হয়ে পরবে। 

সুতরাং, আজিজুর রহমান ও তার স্ত্রী আমাতুছছামীর বিদেশ গমন রহিতকরণ করা একান্ত প্রয়োজন।