বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫

বিজিবি’র অভিযানে ১৩১ কোটি ৯৭ লাখ টাকার চোরাচালান জব্দ

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে— ৯৪০.১৭৬ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৩৩৭ গ্রাম রৌপ্য, ২১ হাজার ২৭১টি শাড়ী, ১১ হাজার ৮৮৩টি থ্রিপিস, শার্ট পিস, চাদর ও কম্বল, ৩ হাজার ৬০৫টি তৈরী পোশাক, ২ হাজার ১৮২ মিটার থান কাপড়, ৪ লাখ ৩ হাজার ৪২৭টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫৯৫ পিস ইমিটেশন গহনা, ২৮ লাখ ৩৩ হাজার ৬৬৯টি আতশবাজি, ১১ হাজার ৪৫১ ঘনফুট কাঠ, ৮ হাজার ৯২৯ কেজি চা পাতা, ২১ হাজার ৬৫৯ কেজি সুপারি, ২৯ হাজার ৪৬০ কেজি কয়লা, ১ হাজার ২৫০ ঘনফুট পাথর, ৩৭১টি মোবাইল, ৩ হাজার ৭৮৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩০ হাজার ৫৭৫টি চশমা, ৪১ হাজার ৭০৩ কেজি জিরা, ৯ হাজার ৭৮৬ কেজি চিনি, ৮ হাজার ৭৩৫ কেজি পিয়াজ, ৭ হাজার ৪০৯ কেজি রসুন, ৮ হাজার ২৪১ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১৮ হাজার ৭৯৯ কেজি সার, ২ হাজার ৭৪৫ প্যাকেট কীটনাশক ওষুধ, ৫৩৮ লিটার ডিজেল, ৪ লাখ ১৭ হাজার ৫১১ পিস চকোলেট, ৯৭৩টি গরু, মহিষ, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক, কাভার্ড ভ্যান, ১২টি পিকআপ, মহেন্দ্র, ৫টি প্রাইভেটকার, মাইক্রোবাস, ১টি ট্রলি, ২৯টি সিএনজি, ইজিবাইক, ৫২টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল ও ভ্যান।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ১৪টি বিদেশী, দেশীয় পিস্তল, ১টি হ্যান্ড গ্রেনেড, ১৩টি ম্যাগাজিন, ১৮৫ রাউন্ড গোলাবারুদ, ১টি মর্টার সেল, একটি ককটেল এবং ২৮টি অন্যান্য অস্ত্র।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১২ লাখ ৩২ হাজার ৮৯৬পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৭৩০ গ্রাম হেরোইন, ১ হাজার ১৫৬ বোতল ফেনসিডিল,  ৮ হাজার ৯৭০ বোতল বিদেশী মদ, ১৯৮ লিটার বাংলা মদ, ১ হাজার ২১৬ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৯২৯ কেজি ৫০ গ্রাম গাঁজা, ২ লাখ ৬৭ হাজার ৭০৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৯৬ হাজার ৬৩৮টি নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন, ৬ হাজার ০৭৯ বোতল ইস্কাফ সিরাপ, ১৬ হাজার ২৫৬টি এ্যানেগ্রা, সেনেগ্রা ট্যাবলেট এবং ১৩ লাখ ১৪ হাজার ৭৮৩ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।